আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

প্রথম তিনদিনেই জয়ের সুরটা বেঁধে ফেলেছিল বাংলাদেশ, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। চতুর্থ দিনে তা সারতে খুব বেশি সময় নিলো না টাইগাররা। মধ্যাহ্নভোজের পর পরই হাসিমুখে মাঠ ছাড়লো নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছে ইনিংস ও ৪৭ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৮৭ রান করে ৩০১ রানের লিড নেওয়ার পরই জয় নিয়ে সংশয়টা প্রায় দূর হয়ে গিয়েছিল।

তৃতীয় দিন শেষ বিকেলে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ফেলার পর কাজটা হয়ে গিয়েছিল আরও সহজ। আজ কতক্ষণ লাগবে জিততে? এই প্রশ্নের উত্তর মেলাতে শেষ পর্যন্ত প্রায় দেড় সেশন লেগে গেছে বাংলাদেশের।

বালবির্নি ৬৩ বলে ৩৮ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন ম্যাকব্রিনি। ৫২ রানে শেষ হয় তার ইনিংস। এছাড়া জর্ডান নিল ৩৬ ও ব্যারি ম্যাকার্থি ২৫ রান করেন। যা কেবল হারের ব্যবধান কমায়।

বাংলাদেশের হয়ে অভিষিক্ত হাসান মুরাদ ৪, তাইজুল ইসলাম ৩ ও নাহিদ রানা নেন ২ উইকেট।

ইনিংস ব্যবধানে জয়ের পেছনে সাধারণত সবচেয়ে বড় ভুমিকাটা রাখেন ব্যাটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ও ৪৭ রানের বড় জয়ে অবদানটাও ব্যাটারদেরই বেশি। বিশেষ করে ১৭১ রানের ইনিংস খেলা মাহমুদুল হাসান জয়ের কথা বলতেই হয়। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবুও হতাশ জয়।

দ্বিতীয় দিনশেষে ১৬৯ রানে অপরাজিত থাকায় জয়ের সুযোগ ছিল তৃতীয় দিনের ডাবল সেঞ্চুরি আদায় করে নেওয়ার। কিন্তু তিনি সেটি পারেননি। আর না পারার কারণেই মূলত এই হতাশা ভালো ব্যাটিং করার পরও।

ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে এসে জয় বলেন, ‘হ্যাঁ, ডাবল সেঞ্চুরি করতে না পারায় আমি একটু হতাশ। কিন্তু দিনের শেষে আমি খুব ভালো খেলেছি। আমি বেশ খুশি।’

 

 

Leave a Reply