দক্ষিণ আফ্রিকার সামনে পাত্তাই পেল না জিম্বাবুয়ে! অপরাজিত থেকেই শেষ চারে প্রোটিয়ারা:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয়রথ থামানোই যেন দায় হয়ে দাঁড়িয়েছে।  গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইট—সবখানেই দাপট দেখিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে পা রাখল প্রোটিয়ারা। সুপার এইট পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের শক্তির জানান দিল এইডেন মার্করামের দল। নিখুঁত টিম গেম আর আক্রমণাত্মক ক্রিকেটই ছিল প্রোটিয়াদের এই জয়ের মূল চাবিকাঠি।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। লক্ষ্য ছিল বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলা। কিন্তু শুরুতেই প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। তরুণ সেনসেশন কোয়েনা মাফাকা এবং করবিন বসের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক সিকান্দার রাজা লড়াই চালিয়ে যান। রাজার ৪৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেই জিম্বাবুয়ে সম্মানজনক ১৫৩ রানের সংগ্রহ পায়। ক্লাইভ মদন্ডে ২০ বলে ২৬ রান করে রাজাকে সঙ্গ দেন। প্রোটিয়াদের হয়ে মাফাকা ও বস ২টি করে উইকেট নেন।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা বুঝিয়ে দেয় কেন তারা এবারের শিরোপার অন্যতম দাবিদার। যদিও ওপেনাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, তবে তিনে নামা ডিওয়াল্ড ব্রেভিস ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ১৮ বলে ৪২ রানের এক ঝোড়ো ইনিংস খেলে জিম্বাবুয়ের বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন তিনি। সিকান্দার রাজা বল হাতেও জাদু দেখান, দ্রুত ৩টি উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু মিডল অর্ডারে জর্জ লিন্ডে (৩০*) এবং ট্রিস্টান স্টাবসের (২১*) ঠাণ্ডা মাথার ব্যাটিং প্রোটিয়াদের জয় নিশ্চিত করে। ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।  দল হারলেও ব্যাটে-বলে দারুন পরফম্যান্স করে ম্যাচ সেরা হন জিম্বাবুয়ে অধিনায়ক সেকেন্দার রাজা।

এই জয়ের ফলে গ্রুপ ১-এর চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট কাটল দক্ষিণ আফ্রিকা। কোনো ম্যাচ না হেরে শেষ চারে পৌঁছানোয় মানসিকভাবে তারা বেশ এগিয়ে। আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের বিপক্ষে এই নিখুঁত পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা নকআউট পর্বে কাজে দেবে। প্রোটিয়া সমর্থকদের আশা, এই ছন্দ ধরে রেখে এবার হয়তো দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের ট্রফিটা ঘরে তুলবে তাদের প্রিয় দল।

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাইভোল্টেজ প্রথম সেমিফাইনাল ম্যাচের বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো:

  • তারিখ: ৪ মার্চ, ২০২৬ (বুধবার)
  • সময়: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে খেলাটি শুরু হবে।
  • ভেন্যু: ইডেন গার্ডেনস, কলকাতা

 

Leave a Reply