দারুন সুখবর পেলো সৌরভের বিসিসিআই, আইপিএলের দ্বিতীয় পর্বে যোগ দিবেন ইংল্যান্ডের তারকারা
করোনা প্রকোপে মাঝপথে ২০২১ আইপিএলের আসর স্থগিত হয়ে যাওয়ার পর ১৯ সেপ্টেম্বরেই আবারও শুরু হচ্ছে । কিন্তু এই টুর্নামেন্টে ইংল্যান্ড (England), অস্ট্রেলিয়া (Australia), নিউজিল্যান্ডের (New Zealand) মতো দলগুলি তাঁদের ক্রিকেটারদের ছাড়বে কিনা তা নিয়ে যতেষ্ঠ সন্দেহ ছিলো। কারন সূচী অনুযায়ী আইপিএল শেষ হওয়ার পরই শুরু হবে টি-২০ বিশ্বকাপ! ফলে ক্রিকেট ফ্যান থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের প্রশ্ন এটাই ছিল। কারণ ক্রিকেট বোর্ডগুলি আগেই অসময়ে আইপিএল আয়োজন নিয়ে কিছুটা বেঁকে বসেছিল।
এর পরই নড়েচড়ে বসে সৌরভের বোর্ড। যোগাযোগ চালিয়ে যায় বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সাথে। ফলও পেয়ে যায় তারা। দু’দিন আগেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় তাদের বেশ কিছু প্লেয়ার অংশ নেবে আইপিএলের বাকী অংশে। এবার বিসিসিআই জানিয়ে দিল, সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত আইপিএলের বাকি অংশে ইংল্যান্ডের ক্রিকেটারদেরও পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ইতিমধ্যে ইংল্যান্ড বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইকে এই বিষয়ে সবুজ সংকেতও দিয়ে দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন বোর্ডের এক আধিকারিক।
ইতোমধ্যে ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ পিছিয়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে তা আয়োজিত হবে আগামী ২০২৩ সালের মার্চে।পাশাপাশি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে বোর্ড সচিব জয় শাহের সঙ্গে সম্পর্ক বরাবরই খুব ভাল। আর একারণেই আইপিএলের বাকি অংশের জন্য ইংল্যান্ড ক্রিকেটারদের পেতে কোনও সমস্যা হবে না ফ্র্যাঞ্চাইজিগুলির। বোর্ডের ওই আধিকারিকের কথায়, “সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বাকি অংশের জন্য ইংরেজ ক্রিকেটারদের পেতে কোনও সমস্যা হবে না। বোর্ড ইতিমধ্যে এ ব্যাপারে সবুজ সংকেত পেয়ে গিয়েছে। জানা যায় জয় শাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে অনুরোধ করে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ টি স্থগিত করতে। আর এটা ফের প্রমাণ করে ইংল্যান্ড এবং বাংলাদেশ বোর্ডের সঙ্গে বোর্ড সচিব জয় শাহের সম্পর্ক কতটা ভাল।”
এদিকে, কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ডকে ভারতীয় বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা যেন কোনওভাবেই তাঁদের দেশের ক্রিকেটারদের কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলার জন্য অনুমতি না দেয়। এই লিগ পরিচালনা করছে পাকিস্থান ক্রিকেট বোর্ড। ভারতের আপত্তি কাশ্মীর শব্দটি নিয়ে। কারণ এই KPL আয়োজিত হতে চলেছে বিতর্কিত পাক অধিকৃত কাশ্মীরে। যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের সংঘাত চলে আসছে। এমনকী আইসিসিকেও চিঠি লিখে এই লিগকে স্বীকৃতি না দেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিসিআই। এই লিগ শুরু হওয়ার কথা ৬ আগস্টে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলার জন্য তাঁদের ক্রিকেটারদের অনুমতি দেওয়া হবে না।